এবার করোনায় আক্রান্ত গুগলের এক কর্মী। জানা যায় ওই কর্মী গুগলের বেঙ্গালুরু অফিসে কর্মরত। আক্রান্তের খবর পাওয়ার পর তাকে বেঙ্গালুরুর হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
গত মাসেই বিয়ে করেছেন আক্রান্ত যুবক। তার পর কয়েক দিন আগে গ্রিসে গিয়েছিলেন।
সংবাদমাধ্যমের দেয়া এক বরাতে জানা যায়, ছাব্বিশের বছর বয়সের ওই আক্রান্ত যুবক কয়েক দিন আগে গ্রিসে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন শহরে ঘুরেছেন তিনি। অফিসও করেছেন।
অন্য দিকে তার সংস্পর্শে যারা যারা এসেছেন, তাদের সবাইকেই চিহ্নিত করে কোয়ারেন্টাইন-এর ব্যবস্থা করা হচ্ছে বলে কর্নাটক প্রশাসনের তরফে জানানো হয়েছে। যে ট্যাক্সিতে বিমানবন্দর থেকে বাড়িতে গিয়েছিলেন, সেটিকে চিহ্নিত করা গিয়েছে। তার চালককেও কোয়ারেন্টাইন করা হয়েছে।
এছাড়াও, সেখানকার কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ অর্থাৎ বাড়ি থেকে কাজ করার বন্দোবস্ত করেছে গুগল।
গুগলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মী কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার আগে তিনি বেশ কিছুক্ষণ অফিসে ছিলেন। তার পর থেকেই তাকে আলাদা করে রাখা হয়েছে।’’ ওই কর্মীর সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের নিজেদেরই আলাদা থাকার নির্দেশিকা দিয়েছে মার্কিন এই তথ্যপ্রযুক্তি সংস্থা। ডেল ও মাইন্ডট্রির পর এই নিয়ে দেশে তৃতীয় কোনও তথ্যপ্রযুক্তির করোনা সংক্রমণ নিশ্চিত হল।

