কিছুদিন আগেই জুভেন্তাসের ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সিরি-এ’র প্রথম তারকা ফুটবলার যার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।
এবার করোনায় আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আরও এক তারকা সতীর্থ।
জুভেন্তাসের ৩২ বছর বয়সি মিডফিল্ডার ব্লেস মাতুইদির শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস।ক্লাবের তরফে খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
কোনও উপসর্গ দেখা না দিলেও ফরাসি তারকা নিজেকে আইসোলেশনে রেখেছেন গত বুধবার থেকে। দলের সমস্ত ফুটবলারদের জন্য যে নির্দেশনা জারি করেছে জুভেন্তাস, তা তিনি শুরু থেকেই অক্ষরে অক্ষরে মেনে চলেছেন।
চলতি মৌসুমে জুভেন্তাসের হয়ে নিয়মিত মাঠে নামা মাতুইদি ক্লাবের দ্বিতীয় ফুটবলার, যিনি করোনায় আক্রান্ত হলেন। দুই জুভে তারকা ছাড়াও সিরি-এ’র একাধিক ফুটবলার করোনা ভাইরাসের শিকার হয়েছেন।
গোটা ইতালি জুড়ে এই মুহূর্তে কার্যত জরুরি অবস্থা জারি রয়েছে। সরকারি নির্দেশে অবরুদ্ধ হয়ে রয়েছে তুরিন। খাদ্য সামগ্রী ও ওযুধের দোকান ছাড়া বাকি সব দোকান-বাজার বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ, অফিস-কাছারি। সিরি-এ স্থগিত হয়ে গিয়েছে আগেই। ইতালিতে বন্ধ রয়েছে সব রকম খেলাধুলার আসর।
শুধু ইতালিতেই নয়, ইউরোপ জুড়ে এই মুহূর্তে স্তব্ধ রয়েছে খেলাধুলো। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার স্থগিত রয়েছে। এক বছরের জন্য পিছিয়েছে ইউরো কাপ।

