ভারতজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার (৩ জুলাই) তিনি নিজেই এই খবর জানিয়েছেন।
জানা গেছে কয়েকদিন আগে লকেটের সোয়াব টেস্ট করা হয়। আজ দুপুরে টুইটারে লকেট নিজেই জানান, ‘আজ সকালেই আমার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আমার হাল্কা জ্বর রয়েছে, গত এক সপ্তাহ ধরেই আমি ‘সেল্ফ আইসোলেশন’এ আছি। সবাইকে সময় মতো সব জানাবো। সব ভাল হোক।’
সম্প্রতি রাজ্যে বিজেপির সংগঠনে যে রদবদল করা হয় তাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এই নারী নেত্রীকে। গত কয়েক বছর ধরেই সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে নারীদের সমস্যা নিয়ে একেবারে তৃণমূল স্তরেও আন্দোলন করতে দেখা যাচ্ছে তাকে।
এমনকি করোনার আবহেই দলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। গত মাসের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত সেনা জওয়ন রাজেশ ওরাং’এর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গিয়েছিলেন লকেট। কিন্তু করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই গত কয়েকদিন আর সেভাবে প্রকাশ্যে দেখা যায় নি হুগলির এই বিজেপি সাংসদকে।

