মুখে রুমাল বাঁধা। সাদা শাড়ি পরিহিত এক মহিলা আলু-পেঁয়াজের দোকানের সামনে চক দিয়ে গোল করছেন। বোঝা গেল, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তার এই কসরৎ।কিন্তু, কে ওই মহিলা? আর কেউ নন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাভাইরাসের মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তা নিজে হাতে এঁকেও দেখিয়েছিলেন।
এরইমধ্যে বৃহস্পতিবার লেক মার্কেট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণ আটকাতে দোকানের সামনে নির্দিষ্ট বজায় রেখে যে দাগ কাটা ছিল, তা খুঁটিয়ে দেখেন। দূরত্ব পছন্দ না হলে নিজেই দাগ কেটে দেন। পরে রাস্তার ধারে বসা আলু-পেঁয়াজ বিক্রেতা যেভাবে দাগ কাটছিলেন, তা মনে ধরেনি মুখ্যমন্ত্রীর। তাই নিজেই ইট নিয়ে ময়দানে নেমে পড়েন। দাগ কেটে দেন যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে।

