করোনা মহামারির কারণে সামাজিক অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধি পাবে যা এই প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অনলাইন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।
তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রায় সব দেশই করোনা ভাইরাসকে বাগে আনতে অসম লড়াই চালিয়ে যাচ্ছে। এই সময়েই নিরাপত্তাজনিত ফাঁকফোকর খুঁজে সন্ত্রাসবাদীরা সুযোগকে কাজে লাগাতে পারে। যদি এই আশঙ্কা সত্যি হয় তবে আরও বহু অসহায় মানুষের প্রাণ যাবে, যা মহামারীর বিরুদ্ধে চলতি লড়াইয়ে আমাদের সব প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘এই মহামারীর সঙ্গে গোটা দুনিয়া যুদ্ধ করছে। এই সময়ও আমরা দেখছি স্বাস্থ্যসেবা পরিষেবায় বিভিন্ন জায়গায় বৈষম্য দেখা দিচ্ছে। অনেক জায়গায় সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। মহামারীর কারণে মানবাধিকার সংকটও দেখা দিতে পারে।’
বিশ্বজুড়ে উদ্ভূত করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ ।জাতিসংঘ মহাসচিব ভার্চুয়াল ওই বৈঠকে ভাইরাসটি সম্পর্কে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের জানান।

