করোনায় আক্রান্ত হয়ে চীনে দুই হাজার ৬৬৩ জন মারা গেছে। সেইসাথে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭৭ হাজার ৬৬৮ জন। এছাড়া এখন পর্যন্ত ৩৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। সব মিলিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৭০১ একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৮০ হাজার ১৫০ জন।
গতকাল পর্যন্ত চীনে নতুন করে আরও ৫শ আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে এশিয়ার বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
ইরানের কোমে শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন।
ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরও ৬০ জনের এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সেখানে ৮৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮ জন। এদিকে, জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই প্রমোদতরীর চারজন প্রাণ হারিয়েছে।

