বয়স মাত্র ২১। এ বয়সে ফুটবল পায়ে সবুজ ঘাসে রাজত্ব করবেন ভেবেছিলেন হয়ত। তবে বল পায়ে নয়, খেলোয়াড় তৈরিতেই মনোনিবেশ করেছিলেন। তার সেই ইচ্ছে পূরণ হয় নি। করোনাভাইরাসের আক্রমণে তাকে থেমে যেতে হয়েছে, ছেড়ে যেতে হয়েছে পৃথিবী।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসের সর্বকনিষ্ঠ শিকার ফ্রান্সিসকো গার্সিয়া নামের স্প্যানিশ ফুটবল কোচ।
গার্সিয়া ২০১৬ সাল থেকেই কাজ করতেন মালাগাভিত্তিক ক্লাব অ্যাটলেটিকো পোর্টাডা আল্টার সঙ্গে। অর্থ্যাৎ, ১৭ বছর বয়স থেকেই তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত। ক্লাবটির জুনিয়র দলটির দেখাশোনা করা তার কাজ ছিল।
প্রাণঘাতী করোন ভাইরাসের পাশাপাশ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসাপাতালে নিলে উচ্চতর পরীক্ষা-নীরিক্ষার পর ডাক্তাররা নিশ্চিত হন, তিনি লিউকোমিয়ায় আক্রান্ত। আর সে কারণেই করোনার সাথে পেরে উঠেননি তিনি।
স্পেনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ৩০০’রও বেশি ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মালাগা অঞ্চলে মৃতদের মধ্যে গার্সিয়া হলেন ৫ম ব্যক্তি।
এতদিন পর্যন্ত করোনাভাইরাসের সর্বকনিষ্ঠ শিকার ছিলেন ৩৮ বছর বয়সী একজন। যার অন্যান্য শারিরীক সমস্যাও ছিল। এবার গার্সিয়া হলেন সর্বকনিষ্ঠ শিকার।

