আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো।
শনিবারের এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।
কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলায় দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি; ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছিল।
