এবার কাশ্মীর অঞ্চলের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার রাতের এই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারত।
ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু’জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক টুইটে বলেছে, বেইজিং অভিযোগ করেছে যে সীমান্ত অতিক্রম করে চীনা সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারত।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।
ভারতের দিকে তিনজন নিহত হওয়ার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনও মন্তব্য করেননি।
এই মুহুর্তে ঘটনাস্থলেই (গালওয়ান ভ্যালি) দু’পক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে। যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।
গত প্রায় দেড় মাস ধরেই লাদাখের ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, দু’দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থান নিয়েছে।

