কুমিল্লায় নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে। বুধবার (১২ মে) শনাক্ত হওয়া জেলার মুরাদনগর উপজেলায় একই বাড়ির আট সদস্য আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুরাদনগর উপজেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই ১০ জনের মধ্যে একই বাড়ির রয়েছে আটজন। আর অপর দুজন নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৯৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৪৫৩ জনের।
এছাড়া, করোনায় কুমিল্লায় আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে এবং আরও ৬জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ হলেন ৩৯ জন।

