কুড়িগ্রামে একই পরিবারের তিন সদস্য সহ জেলায় নতুন করে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড বলে জানায় স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার (১ মে) মোট ৭২ টি নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের একই পরিবারের তিনজন সহ মোট সাতজন করোনা পজেটিভ সনাক্ত হন। আক্রান্ত অপর ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় দুইজন নারীসহ উলিপুর ও চিলমারী উপজেলায় একজন করে রয়েছেন।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনুর রহমান সরদার জানান, গত ২৬ এপিল উপজেলার সদর ইউনিয়নে কেরানীগঞ্জ ফেরত একই পরিবারের তিনজন করোনা পজেটিভ সনাক্ত হন। পরে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত নমুনার মধ্যে ওই পরিবারের নয় বছরের এক শিশু সহ আরও তিনজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।
এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামে ও ঘোগাদহ ইউনিয়নে মরাটারী গ্রামে দুই নারী করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এরা দুইজনই গাজীপুর থেকে এসেছেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, আক্রান্ত ব্যক্তি গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর ও গলা ব্যথা নিয়ে উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াগ্রামে তার বাড়িতে আসেন। তিনি একজন গার্মেনটস কর্মী। উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৪এপ্রিল থেকে তাকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। ২৭ তারিখে তার নমুনা সংগ্রহ করে পাঠানোর পর আজ প্রাপ্ত ফলাফলে পজিটিভ ফল আসে।
এছাড়াও জেলার চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নের মাচাবান্দা পূর্ব নামারচরে এক ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি পূর্বের আক্রান্ত ব্যক্তির ভাই বলে জানা গেছে। উল্লেখ্য, এ নিয়ে জেলায় মোট ১৮ জন ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হলেন।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

