“কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে”



কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার, বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।

আরও পড়ুনঃ“শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করেন না”

তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।

তিনি চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

সূত্রঃ বাসস