কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে মিশ্র প্রবণতা



কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম ও ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে একই সময় কমেছে সয়াবিনের গড় দাম।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, ৫ মে শেষ হওয়া সপ্তাহে গমের গড় দাম বেড়েছে আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম বিক্রি হয় ৫ ডলার ২৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৭৫ সেন্ট বেশি। একইভাবে ভুট্টার দামেও দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা।
সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে খাদ্যপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৭ দশমিক ৭৫ সেন্ট বেড়েছে। এ সময় জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৪ ডলার ৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯৪ শতাংশ বেশি।
গম ও ভুট্টার দাম বাড়লেও সর্বশেষ সপ্তাহে সয়াবিনের গড় দামে দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। এ সময় খাদ্যপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ১৯ দশমিক ৫ সেন্ট কমেছে।
সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ১০ ডলার ৩৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৮৫ শতাংশ কম।
যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার কৃষিপ্রধান অঞ্চলগুলোয় ভয়াবহ খরা পরিস্থিতি বিরাজ করছে। এর জের ধরে এসব দেশে গম ও ভুট্টা উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। খরার কারণে চলতি মৌসুমে আর্জেন্টিনায় খাদ্যপণ্য দুটির উৎপাদনে মন্দাভাবের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।