আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে গম ও সয়াবিনের ক্ষেত্রে। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে খাদ্যপণ্য দুটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশের বেশি কমেছে।
সিবিওটির সাপ্তাহিক মূল্যতালিকা অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৫ সেন্ট বেড়েছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয়েছে গড়ে ৩ ডলার ৯০ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩৬ শতাংশ বেশি। এদিকে সিবিওটিতে গম ও সয়াবিনের সাপ্তাহিক বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে গমের গড় দাম কমেছে বুশেলপ্রতি ১১ সেন্ট।
এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয়েছে গড়ে ৪ ডলার ৮৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ১৫ শতাংশ কম। অন্যদিকে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের গড় দাম কমেছে বুশেলপ্রতি ৩২ সেন্ট। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয়েছে গড়ে ১০ ডলার ৩৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৯৬ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রভিত্তিক মিডওয়েস্ট মার্কেটিং সলিউশনসের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক ব্রায়ান হোপস বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি খাতে তেজিভাবের খবর দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। চলতি মাসেও দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি আরো বেড়ে ১৭ কোটি ৫০ লাখ বুশেল ছাড়িয়ে যেতে পারে। বাড়তি রফতানির কারণে সিবিওটিতে ভুট্টার দামে তেজিভাব দেখা গেছে। গত সপ্তাহে সিবিওটিতে খাদ্যপণ্যটির দাম ২০১৭ সালের আগস্টের পর সর্বোচ্চে পৌঁছেছে।
