কেজিতে সর্বোচ্চ ৮ টাকা কমেছে পেঁয়াজের দাম




মৌসুমের একেবারে শেষ সময় এসে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি কিছুটা বেড়েছে। এর ফলে সরবরাহ ঘাটতি কমে আসায় স্থানীয় বাজারে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম চারদিনের ব্যবধানে ৭-৮ টাকা কমেছে।
আগামী দিনগুলোয় নতুন মৌসুমের পেঁয়াজের সরবরাহ শুরু হলে আমদানি আরো বাড়বে। তখন পেঁয়াজের বাজারে বিদ্যমান ঝাঁঝ আরো কমে আসবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়। সাধারণত এ বন্দর দিয়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। তবে গত মাসের শুরু থেকে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে পণ্যটির আমদানি কমে যায়। অক্টোবরের শেষ ভাগে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি ১৫-২০ ট্রাকে নেমে আসে। বর্তমানে ভারতের কিছু কিছু এলাকায় নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। ফলে সেখানকার বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট কাটছে।
একই সঙ্গে পণ্যটির আমদানিও গতি পেতে শুরু করেছে। হিলি স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসে এ বন্দর দিয়ে ১০৯টি ট্রাকে ২ হাজার ২১৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর অক্টোবরে আমদানি হয়েছে ৫৮৬টি ট্রাকে ১১ হাজার ২৫২ টন পেঁয়াজ।
ভারত থেকে পণ্যটির আমদানি তুলনামূলক বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। গতকাল স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ মানভেদে ৪৭-৪৮ টাকায় বিক্রি হতে দেখা যায়, যা চারদিন আগেও ছিল ৫৪-৫৫ টাকা। সেই হিসাবে এ চারদিনের ব্যবধানে দাম কেজিতে সর্বোচ্চ ৮ টাকা কমেছে। অন্যদিকে খুচরায় আমদানি করা কিছুটা নিম্নমানের পেঁয়াজ কেজিপ্রতি ৪০-৪৫ টাকায় বিক্রি হতে দেখা যায়, যা চারদিন আগেও ছিল ৫৫-৬০ টাকা। সে হিসাবে এ সময়ের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে।