রাজধানী ঢাকায় গড়ে উঠেছে ভারতীয় জাল রূপির কারখানা। দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় মুদ্রা জালিয়াতির এমনই একটি ‘কারখানার’ সন্ধান পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
র্যাব-১০ এর কর্মকর্তা মেজর রাহাত হারুন খান জানান, ওই কারখানা থেকে ১০ লাখ ভারতীয় রুপীর জাল নোট এবং জালিয়াতির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের শুভড্যা উত্তর পাড়ার একটি বাড়ির তৃতীয় তলায় ওই কারখানা গড়ে তোলা হয়েছিল। বুধবার রাতে সেখানে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে জাল নোট তৈরির সঙ্গে জড়িত। এই বাসায় তারা ভাড়া থাকত। এর আগে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও পরে জামিনে বেরিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম জানায়নি র্যাব। কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে এ অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মেজর রাহাত।
