কোটা সংস্কার আন্দোলন: স্থবির ঢাকা




কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের চতুর্থ দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানী।
আজ বুধবার সকাল ১০টার পর থেকে তাদের এই বিক্ষোভে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর আসছে ঢাকার বাইরে থেকেও।
সকাল ১০টার দিকে তাঁতীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুরান ঢাকার একটি অংশ- সদরঘাট ও কেরানীগঞ্জ থেকে গুলিস্থানের রাস্তা বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ তাঁতীবাজার মোড়ে এসে আন্দলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতার ঘোষণা দেন।
এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার পর আগারগাঁও মোড়ে অবস্থান নিলে রোকেয়া সরণি ও মিরপুর রোডের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা বেলা পৌনে ১১টার দিকে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। ফলে ওই পথ দিয়ে মিরপুর-আজিমপুর রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের পূর্ব অংশে অবস্থান নিয়েছে। রাজধানীর পান্থপথ মোড় অবরোধ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও, সিটি, ওয়ার্ল্ড ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। পাঁচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রীন রোডের গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন এক পর্যায়ে।
মগবাজারে রাস্তার একপাশ আটকে দিয়েছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থীদের কয়েকটি দল বাংলামোটর, রূপসী বাংলা মোড় অবরোধ করলেও পরে সরে যাওয়ায় ফার্মগেইট থেকে শাহবাগের দিকে গাড়ি যেতে পারছে। রাজধানীর বসুন্ধরার গেইটের সামনের সড়কে ইউনাইটডে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ (ইউআইইউ) ওই এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা।
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। নাবিস্কো মোড় অবরোধ করেছে আহসানউল্লাহ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যমান কোটার সংস্কার চেয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ দফায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছে। গত রোববার তাদের পদযাত্রা ও অবস্থান কর্মসূচি চলার সময় ঢাকায় পুলিশ বাধা দিলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
আরও পড়ুন;
কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ  
‘মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে’
কোটা সংস্কারের দাবিতে রাস্তায় ঝাড়ু দিয়ে প্রতিবাদ কর্মসূচি
মেধা তালিকা থেকে কোটার শূন্য পদ পূরণ
শাহবাগে আন্দোলনকারীদের বিক্ষোভে কাঁদুনে গ্যাস-লাঠিপেটা