কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ আহমেদকে গ্রেফতার করেছে ডিবি




ছাত্রলীগের আইন সম্পাদকের তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ আহমেদকে গ্রেফতার করেছে ডিবি।
রোববার সকালে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। আল নাহিয়ান খান জয় নামের এক ব্যক্তির শাহবাগ থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় করা মামলায় তাকে (রাশেদ খান) গ্রেপ্তার করা হয়েছে। সে এই মামলার এজাহারনামীয় একমাত্র অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারপরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
রাশেদের বড় বোন রূপালী বেগমও রাশেদের আটক হওয়ার খবর জানিয়ে কান্নাকাটি করতে থাকেন। তিনি বলেন, ‘আমি আমার ভাইকে ফেরত চাই।’
এর আগে সকালে ফেইসবুক লাইভে এসে গোয়েন্দা পুলিশ তার পিছু নিয়েছে বলে জানান রাশেদ। এই সময় তাকে বলতে শোনা যায়, “ভাসানটেক মজুমদারের মোড় এলাকায় ডিবি আমাকে ধাওয়া দিয়েছে। আমি একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। সবাই আমাকে বাঁচান।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ‘ঘোষণা’ দিলেও সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে পিটুনির শিকার হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তারা এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছে।