কোন পথে যাচ্ছে কাতালোনিয়া?




গণভোটে স্বাধীনতার পক্ষে রায় পাওয়ার প্রায় এক মাস পর শুক্রবার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এর পরপরই কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা ও সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন। এ অবস্থায় কাতালোনিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে।
ইতিমধ্যে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালান নেতা কার্লোস পুজেমনের ক্ষমতা কেড়ে নেওয়াসহ কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বিলুপ্ত করেছেন। তিনি কাতালোনিয়ায় আগামী ২১ ডিসেম্বর আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। বলেছেন, ওই নির্বাচনের আগ পর্যন্ত কাতালানের প্রশাসনিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা।
এ বিষয়ে স্পেনের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, কাতালান নেতা কার্লোস পুজেমনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হবে। অভিযোগ আমলে নেওয়া হবে কি না, তার সিদ্ধান্ত আদালতই নেবেন। স্পেনের আইন অনুযায়ী, বিদ্রোহের অপরাধে কোনো ব্যক্তির ৩০ বছর পর্যন্ত সাজা হওয়ার বিধান আছে। এ ছাড়া স্পেনে সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের ভোটাভুটি নিয়েও পর্যালোচনা করা শুরু করেছেন। এর আগে কাতালোনিয়ার গণভোটকে বাতিল করেছিলেন স্পেনের এই আদালত।
ধারণা করা যাচ্ছে, কাতালোনিয়ার ওপর সরাসরি কেন্দ্রের শাসন জারি করতে স্পেনকে বেশ ঝামেলা পোহাতে হবে। কারণ হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুলিশের ওপর নিয়ন্ত্রণ নিয়ে কাতালানবাসী দীর্ঘদিন সুবিধা ভোগ করে এসেছে। তাই তারা এসব বিষয়ে অতিমাত্রায় রক্ষণশীল।
স্পেন বলেছে যে তারা কোনো গ্রেপ্তার কিংবা ধরপাকড় করতে চায় না। কিন্তু কাতালোনিয়ার আঞ্চলিক প্রশাসনের কর্তাব্যক্তিরা তাঁদের অফিস ত্যাগ করতে না চাইলে, আসলেই তা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই যায়।
কাতালোনিয়ার পুলিশ বাহিনী মোসোস দ্যস্কোয়াদ্রা স্পেন থেকে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এর সদস্যরা জানিয়েছেন, তাঁরা কেন্দ্রের আদেশ মানবেন না। কাতালোনিয়ার মন্ত্রী ও সাংসদদের অপসারণে তাঁরা কোনো ধরনের সহযোগিতা করবেন না। স্পেনের প্রধানমন্ত্রী রাহয় বলেছেন, মোসোস প্রধানকে বরখাস্ত করা হবে। মোসোস পুলিশ কর্মকর্তাদের স্থলে কেন্দ্রের পুলিশ নিয়োগ করা হবে। প্রসঙ্গত, স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোট বানচালে স্পেনের কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
এদিকে কাতালোনিয়ার বিচ্ছিন্নতাকামীরা অসহযোগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, কেন্দ্রের সব পদক্ষেপে ব্যাপক মাত্রায় অসহযোগিতা করা হবে। কাতালানের ন্যাশনাল অ্যাসেম্বলি সরকারি কর্মকর্তাদের স্পেনের কেন্দ্রীয় সরকারের আদেশ না মানতে অনুরোধ করছে। সেই সঙ্গে জানানো হয়েছে ‘শান্তিপূর্ণ প্রতিরোধ’ গড়ার আহ্বান। কিন্তু এ ধরনের আহ্বানে কতটুকু সাড়া মিলবে তা এখনো পরিষ্কার নয়। কারণ, কাতালানবাসীর সবাই স্পেন থেকে বের হতে চায়নি। গণভোট নিয়ে দ্বিধাবিভক্ত ছিল কাতালানবাসী।
স্পেনের অর্থমন্ত্রী ইতিমধ্যে কাতালোনিয়ার আর্থিক বিষয়ের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, মাদ্রিদ কাতালোনিয়ার আর্থিক বিষয়ের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণায় অস্থিরতা তৈরি হয়েছে, যার অবশ্যই অর্থনৈতিক প্রভাব থাকবে। প্রায় ১ হাজার ৭০০টি কোম্পানি তাদের সদর দপ্তর কাতালোনিয়ার বাইরে নিয়ে গেছে।
প্রসঙ্গত, স্পেনের জাতীয় রপ্তানির প্রায় ২৫ শতাংশ কাতালোনিয়া থেকে আসে। ওই গণভোটের পর স্পেনের কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়ে গেছে, বিশেষ করে কাতালান ব্যাংকগুলোর। এ ছাড়া বার্সেলোনাসহ গোটা কাতালান অঞ্চলই স্পেনের অন্যতম পর্যটন আকর্ষণ।
কাতালোনিয়া সংকটে প্রতিক্রিয়া দিয়েছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের শক্তিশালী রাষ্ট্রগুলো। আর এসব প্রতিক্রিয়ায় আভাস মেলে, কাতালোনিয়ার পাশে আসলে কেউ নেই। ক্ষমতাধর দেশগুলো স্পেনের সুরেই সুর মিলিয়েছে।
কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণায় ইউরোভুক্ত অঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেক্সিটের (ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) পর আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরেক সংকটের মুখোমুখি হতে হচ্ছে। কারণ, ইইউ চায় না স্পেন থেকে বেরিয়ে স্বাধীন হোক কাতালোনিয়া। তাই স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এই সংস্থার কী বক্তব্য দেয়, তা জানার আগ্রহ ছিল তুঙ্গে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, কাতালান পার্লামেন্টের ঘোষণায় কোনো কিছুই পরিবর্তন হয়নি।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট আন্তোনিও তাইয়ানি টুইটে বলেছেন, কাতালোনিয়ায় গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটকে ‘ইইউ জোটে থাকা কেউই স্বীকৃতি দেবে না।’
ইউরোপের আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ হলো জার্মানি। দেশটি বলেছে, তারা স্পেনের ঐক্য ধরে রাখতে সমর্থন দিয়ে যাবে এবং কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দেবে না।
ওয়াশিংটনও স্পেন সরকারের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোরেট এক বিবৃতিতে বলেছেন, ‘কাতালোনিয়া স্পেনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুক্তরাষ্ট্র স্পেন সরকারের নেওয়া সাংবিধানিক পদক্ষেপের প্রতি সমর্থন জানায়।