করোনাভাইরাসের মহামারিতে থমকে গেছে গোটা বিশ্ব। স্থবির হয়ে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। খেলা বন্ধ, মাঠে নামার সুযোগ নেই। এমন অবস্থায় জার্মান লিগ শুরু হলেও মাঠে দর্শক প্রবেশের সুযোগ নেই।
জুনে অন্যান্য লিগ শুরুর পরিকল্পনা থাকলেও কোনোকিছুই আগের মতো থাকবে না বলে মনে করছেন করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
আর্জেন্টাইন জাদুকরের মতে আর কখনওই আগের অবস্থায় ফিরবে না ফুটবল ও জীবন।
ফরাসি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার মনে হয় না ফুটবল আর কোনদিন আগের অবস্থায় ফিরবে। ফুটবলের উর্ধ্বে চিন্তা করলে, সার্বিকভাবে সাধারণ জীবনও আর কোনদিন আগের মত চলবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকে এই পরিস্থিতির অভিজ্ঞতা পেয়েছি এবং এটাকে একভাবে না একভাবে মনে রাখব সবসময়। আমার বেলায় এ বিষয়টা অনেক কষ্ট এবং হতাশার তাদের কথা ভেবে, যারা নিজেদের আপনজনদের হারিয়েছে, তাদের সৎকারেও অংশ নিতে পারেনি।’
স্প্যানিশ লা লিগা শুরুর লক্ষ্যে প্রায় এক মাস ধরে ব্যক্তিগত অনুশীলন করে যাচ্ছেন মেসিরা। সরকারি অনুমতির পর সোমবার থেকে শুরু হয়েছে সবদলের দলীয় অনুশীলন। তবে এটি কোন স্বাভাবিক ফেরার ইঙ্গিত দেয় না বলেই মনে করেন মেসি।
আগামী ১১ জুন থেকে পুনরায় শুরুর কথা রয়েছে স্প্যানিশ লা লিগা। সেদিন রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে সেভিয়া। বার্সেলোনার প্রথম ম্যাচে ১৫ জুন, মায়োর্কার বিপক্ষে।

