ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে ও দেশটির মুসলিম নাগরিকদের সম্মানে কোরআন তেলাওয়াত করে শুরু করা নিউজিল্যান্ডের সংসদ অধিবেশন।
হামলার পর নিউজিল্যান্ডের সংসদের প্রথম অধিবেশনে স্পিকারকে সালাম জানিয়ে বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডের্ন।
সংসদে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জাসিন্ডা স্পিকারকে সম্বোধন করে বলেন, মিস্টার স্পিকার, আসসালামু আলাইকুম। পরে ইংরেজিতে বলেন, পিস বি আপন উইথ ইউ (আপনার ওপর শান্তি বর্ষিত হোক)।
তিনি আরও বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মোহাম্মদ (সা.) নবীকে। হামলাকারী নিউজিল্যান্ডে কুখ্যাতি চেয়েছিলেন, কিন্তু আমরা তার নামও নিবো না। কথা দিচ্ছি শিগগিরই এর উপযুক্ত বিচার হবে।
উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশ, ভারত, তুরস্ক, কুয়েত, সোমালিয়া এবং অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ পাক নাগরিক নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৪৯ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবারের ওই হামলায় সংসদে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়।

