যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন কাউন্টিজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলে ১৫ জন নিহত, প্রায় ১৫০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া এ ঘটনায় এক হাজার ৫০০ ঘরবাড়ি, ওয়াইন উৎপাদন কেন্দ্র ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে।
গত রবিবার আগুন লাগার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির দমকল কর্মকর্তারা।
শুষ্ক, উত্তপ্ত আবহাওয়ার মধ্যে প্রবাহিত জোরালো বাতাসের কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। ১৭টি বড় ধরনের আগুনের ধারা এক লাখ ১৫ হাজার একর ভূমির সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে বলে জানিয়েছেন তারা।
সোনোমা কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তাদের এখতিয়ারভুক্ত এলাকার নয়জন নিহত ও ১৫৫ জন নিখোঁজ রয়েছেন। তবে আরো ৪৫ জন নিখোঁজকে পাওয়া গেছে এবং এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কিছু সংখ্যক সরিয়ে নেওয়া লোকজনের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে দপ্তরটি।
নাপা কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তাদের এখানে নিহতদের মধ্যে শতবর্ষী চার্লস রিপি ও তার ৯৮ বছর বয়সী স্ত্রী সারা রিপি রয়েছেন। তবে তাদের মৃত্যু সংক্রান্ত আরো কোনো বিবরণ এবং অন্যান্য নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানায়নি তারা।
অপেক্ষাকৃত ঠাণ্ডা আবহাওয়া, মৃদু বাতাস ও উপকূলীয় কুঁয়াশার সুযোগ নিয়ে মঙ্গলবার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। এরপরও ঘরবাড়ি, ওয়াইন উৎপাদন কেন্দ্র ও অন্যান্য স্থাপনা ঝুঁকির মধ্যে আছে বলে সতর্ক করেছেন তারা।
দাবানলটি স্যান ফ্রান্সিসকো শহরের উত্তরে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়িকে ছাইয়ে পরিণত করে দিয়েছে। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা রোসা শহর। এখানে একটি হিলটন হোটেলসহ একটি মোবাইল হোম পার্ক ভস্মীভূত হয়েছে।
