আজ বুধবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ মাদক আইনে দায়ের করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
এ সময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, নবায়ন না করা একটি শটগান ও ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন দুপুরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। একই দিন র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা করেন।
এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তারর বিরুদ্ধে দেওয়া মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার বদলির আদেশ দেন। একই সঙ্গে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বদলির আদেশ দেন। ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

