যুক্তরাষ্ট্রের সিনেটরদের মুখোমুখি হয়ে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে রাজনৈতিক কাজে ব্যবহারের ঘটনায় নিরাপত্তায় অবহেলার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
একইসঙ্গে তিনি জানিয়েছেন এর জন্য রাশিয়ার সাথে তাকে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে ক্রমাগতভাবে ফেসবুকের অপব্যবহারের চেষ্টা চলছে বলে সিনেটরদের জানিয়েছেন জাকারবার্গ।
তিনি বলেছেন, তার প্রতিষ্ঠানকে সর্বক্ষণ এর সঙ্গে লড়তে হচ্ছে। বিষয়টিতে তিনি তুলনা করেন অস্ত্র প্রতিযোগিতার সঙ্গে। তবে তিনি এটাও স্বীকার করেছেন, ফেসবুকের সুবিধাগুলো ক্ষতিকর কাজে ব্যবহার বন্ধে তারা যথেষ্ট ব্যবস্থা নেননি।
প্রায় আট কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার হাতে যাওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশ পায়, যা নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তদন্ত চলছে। এরই ধারাবাহিকতায় মার্নি সিনেটের বাণিজ্য ও বিচারবিভাগীয় কমিটির সামনে জাকারবার্গের ডাক পড়ে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারের কৌশল নির্ধারণে ওই ফেসবুক গ্রাহকদের তথ্য ব্যবহার করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।
মঙ্গলবার সেই শুনানিতে হাজির হয়ে সিনেটরদের প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগ নিয়ে তদন্তে থাকা স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ফেইসবুকের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছিলেন।
সিনেট কমিটিকে জাকারবার্গ জানান, মুলারের অফিসে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের মধ্যে তিনি নিজে ছিলেন না। আর এরকম প্রকাশ্য কোনো শুনানিতে ওই গোপনীয় বিষয়ে তিনি বিস্তারিত বলতেও রাজি নন।
শুনানিতে জাকারবার্গ বলেন, তার প্রতিষ্ঠান এখন ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করার জন্য নতুন কিছু টুলস নিয়ে কাজ করছে। অন্যদিকে রাশিয়ায় কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে আমাদের কার্যক্রম, অন্যান্য ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অন্যান্য ব্যবস্থাকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করা। এটা ঠেকাতে আমাদের চেষ্টা বাড়াতে হবে।
এর আগে কেমব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী ক্রিস্টোফার উইলি গত মাসে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতানোর ঘটনা ফাঁস করে দিলে বড় ধরনের ধাক্কা খায় ফেসবুক। তীব্র সমালোচনার মুখে ফেইসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনে।
