চট্টগ্রামের খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর সক্রিয় কর্মী ধর্মজয় ত্রিপুরাকে (৩০) হত্যা করা হয়েছে।
রোববার (২৮ জুন) দীঘিনালা উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ধর্মজয় ওই এলাকার শশীচরণ ত্রিপুরার ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা ধর্মজয়ের দিকে হঠাৎ গুলি ছুড়ে। দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হন ধর্মজয়। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক বিবৃতিতে এই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনীর সদস্যরা তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করেছে। তিনি দুই বছর আগে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফে যোগদান করেছিলেন। সেই সময় তিনি সংস্কারবাদীদের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর আঁতাত ও অপকর্মের কথা ফাঁস করে দিয়েছিলেন। এই কারণেই তার ওপর অনেকের আক্রোশ ছিল।

