খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব: হাইকোর্ট


খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব: হাইকোর্ট

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়াও খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

আদালত আরও বলেন, খালেদা জিয়াকে বুঝতে হবে উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি অন্যদের মতো স্বাধীন নন। বিএসএমএমইউ দেশের মধ্যে সেরা হাসপাতাল। তাই সেখানে তার চিকিৎসা করতে কোনো সমস্যা নেই।

এদিকে বিএসএমএমইউ থেকে পাঠানো চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনে উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেননি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্টে বুধবার দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান।

এরপর শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

উল্লেখ্য, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। জামিন আবেদনে বলা হয়, তিনি গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান তিনি।