খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল



জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য ১৩ মার্চ পরবর্তী তারিখ রেখে ওই সময় পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আজ প্রথম আলোকে বলেন, ‘মামলাটিতে এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া আরেকটি মামলায় সাজা পেয়ে কারাগারে আছেন। তাই তাঁকে এই মামলায় আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করেছিলাম।
খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে এই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন এবং ১৩ ও ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।’
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। গতকাল রোববার আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।