খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগকে দুষছে বিএনপি




খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগকে দুষছে বিএনপি। আওয়ামী লীগ গণমাধ্যমকর্মীসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।
রুহুল কবির রিজভীর অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ফেনী শহরে ঢোকার আগে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ বিএনপি নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ অনেক গণমাধ্যমকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। এ হামলার গণতন্ত্রের সংকটকে আরও ঘনীভূত করল।
আজ শনিবার বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়। বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
ফেনী জেলা শহরের ৬-৭ কিলোমিটার আগে এই স্থানটি। খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর ওই হামলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি। একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।