সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড। শনিবার (১১ জুলাই) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ক্যালামার্ড বলেন, ‘আমি মনে করি, এই হত্যাকাণ্ডের প্ররোচনা দিয়েছে তা নির্ধারণের ক্ষেত্রে সালমান প্রধান সন্দেহভাজন। তবে, তিনি যে এই আদেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই।’
মানবাধিকার বিষয়ক এ আইনজীবীর মতে, ‘পরিস্থিতিগত প্রমাণ থেকে বোঝা যায়, যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না।’
তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস, এক বছরেরও বেশি আগে সরবরাহ করা তথ্য অনুসারে, সিআইএ’র (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) কাছে (সালমান জড়িত থাকার) তথ্য থাকতে পারে।’
গত ৩ জুলাই খাশোগি হত্যা মামলায় ২০ সৌদি কর্মকর্তার বিচারের শুনানি শুরু করেছে তুরস্কের একটি আদালত।
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবে হওয়া বিচারের চেয়ে তুরস্কের বিচার সুষ্ঠু হবে বলে আশাপ্রকাশ করেছেন জাতিসংঘের এ কর্মকর্তা।

