উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরোপিত নতুন অবরোধের কারণে সবচেয়ে বেশি খেসারত চীনকেই দিতে হবে। তবে এই খেসারত দিয়েও উত্তর কোরিয়ার অবরোধ মেনে চলবে বেইজিং, এমনটাই জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই।
গত সোমবার ম্যানিলায় এক আঞ্চলিক নিরাপত্তা ফোরামে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলেন, নতুন নিষেধাজ্ঞা স্পষ্ট করে যে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
পরে ওয়াং উইকে উদ্ধৃত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের পুরোনো, যার কারণে প্রধানত বেইজিংকেই এবারের নিষেধাজ্ঞার খেসারত দিতে হবে।
গত মাসে পরপর দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়া রপ্তানি থেকে প্রতিবছর যে রাজস্ব আয় করে তার এক-তৃতীয়াংশের বেশি, অর্থাৎ প্রায় ১০০ কোটি মার্কিন ডলার কমে যাবে।
ওয়াং উই বলেন, আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ ব্যবস্থার সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চীন ভবিষ্যতেও ঠিক আগের মতোই উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভূমিকা পালন করবে।
