গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট দিয়ে একদিনে ৫০ হাজার প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) টেস্ট করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। বুধবার (২০ মে) সকাল ১১.০০ টায় গণস্বাস্থ্য কেন্দ্রে সেমিনারে তিনি একথা বলেন।
একই সঙ্গে গণস্বাস্থ্যের কিট প্রস্তুতে ৫০ কোটি টাকা অর্থ সাহায্যের দরকার বলে জানান তিনি।
জাফরুল্লাহ বলেন, জাতি কঠিন সময়ে আছে, গণস্বাস্থ্যের কিট সরকারকে অনেকাংশে সাহায্য করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিএসএমএমইউ) কাজ শুরু করেছে। আমলাতান্ত্রিকতায় গণস্বাস্থ্যের কিট অনুমোদনে বিলম্ব হচ্ছে।
এদিকে বিএসএমএমইউতে ৪০০ কিটের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে আরও ৬০০ কিট পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কিটের সমন্বয়কারি ডা. মহিবুল্লাহ খন্দকার।
এর আগে, গত বুধবার (১৩ মে) বিএসএমএমইউতে কিট জমা দেন গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।

