গত বছরে তোশিবার লোকসান ৮৮০ কোটি ডলার




মার্চে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হবে তোশিবা— এমন আশঙ্কা ছিল অনেকেরই। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার গত অর্থবছরের আর্থিক ফলাফল প্রকাশ করেছে জাপানভিত্তিক বহুজাতিক কোম্পানি তোশিবা করপোরেশন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত অর্থবছরে কোম্পানির লোকসানের পরিমাণ প্রায় ৮৮০ কোটি ডলার। এর পেছনে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইউনিট ওয়েস্টিংহাউজ ইলেকট্রিককেই দায়ী করেছে কোম্পানিটি।
বিপুল পরিমাণ লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে এর মেমোরি চিপ ব্যবসা বিভাগ বিক্রির সিদ্ধান্ত নেয় তোশিবা। কিন্তু আদালতের অনুমোদন না পাওয়ায় প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের মেমোরি চিপ ব্যবসা বিক্রি করার বিষয়টি নিয়ে কোনো সমাধানে আসা সম্ভব হয়নি।
অন্যদিকে সহযোগী প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউজ ইলেকট্রিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ায় তোশিবা বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হবে বলে ধারণা করেছিলেন অনেকেই। কেননা বারংবার কোম্পানির উদ্বৃত্তপত্রে ওয়েস্টিংহাউজের প্রভাব নিরূপণে আরো বেশি সময়ের প্রয়োজন বলে জানিয়ে আসছিল তোশিবা।
উল্লেখ্য, ওয়েস্টিংহাউজ যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনে বিলম্ব করায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তোশিবাকে। ব্যয় বেড়ে যায় বেশ খানিকটা। এসব কারণে তোশিবার ভবিষ্যত্ নিয়ে শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। তবে বহুজাতিক পেশাদার সেবাদানকারী প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজ কুপারস অ্যারাটা বলছে, তোশিবার প্রতিবেদনের তথ্যগুলো নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। উল্লেখ্য, ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের ৮৮০ কোটি ডলার লোকসান হলেও চলতি অর্থবছরে মুনাফার আশা করছে তোশিবা করপোরেশন।