গতদিনের চেয়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে



দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৮৮ জন। নতুন করে আরও ৩ হাজার ৭৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।

বুধবার (০১ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) জানানো হয়েছিল, দেশে ৩ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং ৬৪ জনের মৃত্যু হয়।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৯১২ জনে। এছাড়া মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৩১৫ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। বর্তমান পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে।