গর্ভপাতের সিদ্ধান্ত নারীর একার: ভারতের আদালত




গর্ভের সন্তান রাখবেন নাকি গর্ভপাত করাবেন, সেই সিদ্ধান্ত ওই নারীই নেবেন বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তর্থাৎ গর্ভপাত করাতে স্বামীর অনুমতি নেওয়ার আর কোনো প্রয়োজন নেই।

আজ শনিবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খালউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এক ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে এই রায় দিয়েছেন। আদালত জানিয়েছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী যদি তাঁর গর্ভের ভ্রূণকে জন্ম দিতে না চান, তাহলে সেই সিদ্ধান্তে অন্য কারও হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।

প্রতিবেদনে বলা হয়, স্ত্রী নিজের ইচ্ছায় গর্ভপাত করায় তাঁর স্বামী বিষয়টি অবৈধ উল্লেখ করে স্ত্রীর বাবা, ভাই ও দুই চিকিৎসকের কাছে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন। এবং মানসিক কষ্টের ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ রূপি দাবী করেন তিনি।পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছিলেন, গর্ভপাতের সিদ্ধান্ত নারী একাই নেবেন।

আজ সুপ্রিম কোর্টও একই রায় দিয়ে জানিয়েছেন, কোনো প্রাপ্তবয়স্ক নারী যদি তাঁর গর্ভের ভ্রূণকে জন্ম দিতে না চান, তাহলে সেই সিদ্ধান্তে অন্য কারও হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এমনকি মানসিক ভারসাম্যহীন কোনো নারীও চাইলে গর্ভের ভ্রূণের গর্ভপাত করাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁর একার পূর্ণ অধিকার রয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার জন্য একজন নারীর মানসিক প্রস্তুতি দরকার। অপ্রত্যাশিত সন্তানের জন্ম নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই গর্ভের সন্তান রাখবেন নাকি গর্ভপাত করাবেন তা অন্তঃসত্ত্বা একাই সিদ্ধান্ত নেবেন।

প্রতিবেদনে বলা হয়, এই রায় দেওয়ার পাশাপাশি আদালত ওই মামলার বিবাদীদের (স্ত্রী, স্ত্রীর বাবা, ভাই ও দুই চিকিৎসককে) প্রত্যেককে ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দিতে মামলাকারী ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন।

ভারতীয় আইনে অন্তঃসত্ত্বা হওয়ার ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা কয়েকজন নারী রয়েছেন, যাঁরা ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে চান। এ বিষয়টি আদালত সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে থাকেন।