গাজীপুরে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মহানগরীর পানিশাইল এলাকায় একটি বাড়ির এক কক্ষে ওই তিন জনের মরদেহ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। তবে কী কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
মঙ্গলবার সকালে মহানগরীর কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোশাররফ (৩৫) নামের ওই যুবক।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ

