করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে পৃথিবী। গৃহবন্দী কোটি কোটি মানুষ। এর মধ্যে ক্রিকেট অনুরাগী মানুষের সংখ্যা কম নয়। গৃহবন্দী সেসব ক্রিকেট অনুরাগীদের কথা ভেবে বিগত ৪৫ বছরের আর্কাইভ খুলে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘এক অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হয়তো এই সময় ফ্যানেদের সঙ্গে যোগযোগ রাখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি করে উপলব্ধি হচ্ছে। যেহেতু এই মুহূর্তে পৃথিবীতে কোনওরকম ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে না তাই আমরা ঠিক করেছি অনুরাগীদের অন্য আমরা আমাদের আর্কাইভটি ব্রডকাস্টারদের হাতে তুলে দেব। যাতে অনুরাগীরা দুর্দান্ত কিছু ক্রিকেটীয় মুহূর্ত উপভোগ করতে পারে।’
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আশেজ কিংবা ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রোমহর্ষক ক্রিকেটীয় লড়াই কিংবা ১৯৭৫-২০১৯ ক্রিকেট বিশ্বকাপ তো আছেই। এছাড়াও রয়েছে গত সাড়ে চার দশকে অনুষ্ঠিত হওয়া মহিলা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের বাছাই করা ম্যাচগুলি এখন দেখতে পারবে ক্রিকেটপ্রেমিরা।
পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক

