বাম দলগুলোর বিক্ষোভের মধ্যেই পাইকারির পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৪ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) শুনানিতে এই প্রস্তাব দেন পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ।
আগের দিনের শুনানিতে ২০১৫-১৬ অর্থ বছরের নিরীক্ষিত খরচের খরচের ভিত্তিতে বাল্ক বা পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ বা ইউনিট প্রতি ৭২ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি। খুচরা পর্যায়ে দাম বাড়াতে পিডিবির আবেদনে বলা হয়, ‘২০১৫-১৬ অর্থবছরে খুচরা সরবরাহ ব্যয় ইউনিট প্রতি ৬.৯৫ টাকা। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ইউনিট প্রতি ৬.৭৩ টাকা। সে তুলনায় ইউনিট প্রতি ঘাটতি ২১ পয়সা। প্রস্তাবিত বাল্ক ট্যারিফ বৃদ্ধির সাথে মূল্যহার সমন্বয় বিবেচনায় ট্যারিফ বৃদ্ধির প্রস্তাবিত হার ১৪.৫ শতাংশ।’
বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই প্রস্তাবের বিরোধিতা করে।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, ‘বাল্ক পর্যায়ে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করে খুচরায় বিদ্যুতের দাম ঠিক করা হবে। যেহেতু বাল্কের বিদ্যুতের দাম এখনও চূড়ান্ত হয়নি, সুতরাং খুচরার দাম নিয়ে আলোচনার উপযুক্ত সময় আসেনি। বাল্ক বা পাইকারিতে দাম বাড়ানোর কোনো ‘যৌক্তিকতা নেই।’
শুনানিতে পিডিবি ও বিইআরসির কাছে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট ২৫টি বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে জানার চেষ্টা করেন ক্যাব উপদেষ্টা শামসুল। গণশুনানিতে কমিশন সদস্য রহমান মুরশেদ, মাহমুদউল হক ভুইয়া, আব্দুল আজিজ খান ও মিজানুর রহমান, পিডিবির সদস্য মো. জহুরুল হক, মো. ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।
