চট্টগ্রামে ছয় মাসে ৯৪৬ কোটি টাকার চা বিক্রি




চট্টগ্রামে চলতি বছর ২৫ এপ্রিল থেকে চায়ের নিলাম মৌসুম শুরু হয়েছিল। পরবর্তী ছয় মাসে মোট ২৬টি নিলামে দেশের ১৬২টি বাগানে উৎপাদিত প্রায় ৪৫ হাজার টন চা বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া চায়ের আর্থিক মূল্য প্রায় ৯৪৬ কোটি টাকা। তবে গত মৌসুমের তুলনায় এবার চা সরবরাহ কম থাকায় পণ্যটির বেচাকেনা তুলনামূলক কম হয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত চলতি মৌসুমে মোট ২৬টি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়েছে। এসব নিলামে দেশের বাগানগুলোয় উৎপাদিত ৪৪ হাজার ৮১৪ দশমিক ৩৩৭ টন চা কেনাবেচা হয়েছে। খাতসংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠান ও জনপ্রিয় ব্র্যান্ডগুলো ৯৪৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৯১৬ টাকায় সরবরাহ করা চা কিনে নিয়েছে।
২৬টি নিলাম মিলিয়ে এখন পর্যন্ত প্রতি কেজি চায়ের গড় বিক্রিমূল্য ২১১ টাকা। গত মৌসুমে দেশে মোট আট কোটি কেজির বেশি চা উৎপাদন হয়েছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক নিলামে প্রায় ৪৫ হাজার টন চা বিক্রির ফলে পানীয় পণ্যটি বেচাকেনায় আগের বছরের প্রবৃদ্ধি ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিলাম প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বিগত ২৬টি নিলামে সবচেয়ে ভালো মানের ও দামি চা বিক্রি করেছে সিলেটের মধুপুর চা বাগান। এ বাগানে উৎপাদিত ৫ লাখ ১৮ হাজার ৬৮৫ কেজি চা বিক্রি হয়েছে, যার গড়মূল্য ছিল কেজিপ্রতি ২৭১ টাকা। দামি চা বিক্রির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত খৈয়াছড়া চা বাগান। এ বাগানে উৎপাদিত ৪ লাখ ২৭ হাজার ৩০২ কেজি চা বিক্রি হয়েছে, যার গড়মূল্য কেজিপ্রতি ২৫৬ টাকা।
এর পরের অবস্থানে রয়েছে মৌলভীবাজারের ক্লিভডন চা বাগান। ২৬টি নিলাম মিলিয়ে এ বাগানে উৎপাদিত মোট ৩ লাখ ৪ হাজার ৯১৫ কেজি চা বিক্রি হয়েছে। ক্লিভডন বাগানে উৎপাদিত চায়ের গড় বিক্রিমূল্য ছিল কেজিপ্রতি ২৪৩ টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামে চা বিক্রি করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া টি এস্টেট। এখানকার বাগানে উৎপাদিত ৭ হাজার ২৪৭ কেজি চা বিক্রি হয়েছে, যার গড় বিক্রিমূল্য কেজিপ্রতি ৯৭ দশমিক ২৩ টাকা।
চলতি মৌসুমের শুরুতে চা উৎপাদনের জন্য আবহাওয়া অনুকূলে ছিল। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পণ্যটির ফলন ভালো হয়েছিল। তবে মৌসুমের শেষ নাগাদ বৃষ্টিপাত বেশি হওয়ায় চা উৎপাদন ব্যাহত হয়। এ কারণে বর্ষাপরবর্তী নিলামগুলোয় চা সরবরাহ আগের তুলনায় কমে যায়। সরবরাহ সংকটের জের ধরে পণ্যটির দামও বাড়ে।
এছাড়া সর্বশেষ জাতীয় বাজেটে চা আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে সরকার। মূলত অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে যাওয়ায় পণ্যটির বাজার নিয়ন্ত্রণে রাখতে বাড়তি আমদানি শুল্ক আরোপ করা হয়। এর ফলে চলতি বছর আন্তর্জাতিক বাজার থেকে চা আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে; বেড়েছে দেশে উৎপাদিত চায়ের বেচাকেনা ও দাম। চলতি মৌসুমের শেষদিকে বৈরী আবহাওয়ার কারণে পণ্যটির উৎপাদন ব্যাহত হওয়ায় আগামী দিনগুলোয় নিলামে চা সরবরাহ কমে আসতে পারে। আর এমনটা হলে পরবর্তী নিলামগুলোয় চায়ের গড় দাম বর্তমানের তুলনায় আরো বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আরও পড়ুন; কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম