চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে। তাঁরা হলেন ময়মনসিংহের আশফাকুর রহমান (২১) ও কুমিল্লার মুরাদনগরের রাকিবুল হাসান (১৯)।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মাদারবাড়িতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ূন কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। তাঁরা নিজেদের নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন।’
আশফাকুর ও রাকিবুল দুই মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। অভিযানে নগরীর একটি ছকও উদ্ধার করা হয়েছে। এই ছকে হামলার লক্ষ্য হিসেবে সদরঘাট থানাকে চিহ্নিত করা রয়েছে। জঙ্গিবাদের উত্থানের পর থেকেই থানা ও আদালত ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সব সময়ই জঙ্গি হামলার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে আক্রান্ত হয়েছে।
