আমরা প্রায়ই কোন না কোন কারণে ব্যাংকে যাই টাকা তুলতে। একবার ভাবুন সেই ব্যাংকের সামনে যদি থাকে ছিনতাইকারী আর আপনার তোলা সব টাকাই তারা লুট করে নিয়ে চলে যায়?
সাম্প্রতিক এমনই অবস্থা হয়েছে চট্টগ্রাম শহরের ব্যাংক গুলোর সামনে। নগরের বিভিন্ন স্থানে ব্যাংকের সামনে ঘোরেন এই ছিনতাইকারীরা। তাদের সব সময় লক্ষ্য থাকে কখন গ্রাহক টাকা তুলতে আসবে, এরপর তার পিছু নেন একসময় সুযোগ বুঝে পথ আটকে ছিনিয়ে নেন সব।
গত মঙ্গলবার পুলিশ মামুনুর রশিদ ও শহিদ আলম নামের দুইজন ছিনতাইকারীকে আটক করার পর এই সব তথ্য জানতে পারে।
জানা যায়, কিছুদিন আগেই, মো.পারভেজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নগরের জুবিলী রোড এলাকার একটি ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় ওই ব্যাংকের সামনে থাকা ছিনতাইকারী চক্রের দুই সদস্য তাকে লক্ষ্য করে ওই কর্মকর্তাকে বহনকারী গাড়ি থামিয়ে তাকে ছুরির ভয় দেখিয়ে ১ লাখ ৮৯ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই করা টাকার মধ্যে এক লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা আরেক ছিনতাইকারী নিয়ে পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নগরের জুবিলী রোড, আন্দরকিল্লা, জিইসি মোড়, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করেন এই ছিনতাইকারীরা। এরপর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে গ্রাহকেরা কিছু দূর যাওয়ার পর তাদের পথ রোধ করেন। এরপর ছুরির ভয় দেখিয়ে সমস্থ টাকা কেড়ে নেন।
এ ব্যাপারে ওসি , ব্যাংক থেকে টাকা তোলার পর তা সতর্কতার সাথে নেয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, প্রয়োজনে মানুষ বেশি টাকার ক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে পারবেন।

