ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চাকরির জন্য টাকা দিতে অস্বীকৃতি জানায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম পাড়ার হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুই ছেলে এক মেয়ে নিয়ে আমীর হোসেনের সংসার। ছেলে শুভ ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্নাতক সম্মান শ্রেনীতে পড়েন। কয়েকদিন থেকেই জমি বিক্রি করে চাকরির জন্য বাবার কাছে টাকা চাইছিলেন শুভ। এ সময় জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায় দা হাতে নিয়ে বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান শুভ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নবীনগর সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ রণজিত রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ছেলেকে গ্রেপ্তারের অভিযান চলছে।
নিহত মো. আমীর হোসেন (৫৫) অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।

