দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মোবাইল ফোন নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন তথা এমএনপি সেবা। অপারেটর পরিবর্তন প্রযুক্তি মোবাইল নম্বর পোটেব্লিটি বা এমএনপি সেবা দিতে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন টেলিটেক বিডিকে লাইসেন্স দিয়েছে বিটিআরসি।
মোবাইল ফোন অপারেটরগুলোর সহযোগিতা পেলে আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ এমএনপি সেবা চালু করা যাবে বলে জানিয়েছে এই কনসোর্টিয়াম।
তবে বিটিআরসির বেঁধে দেওয়া সময় ২০১৮ সালের মে মাস। এমএনপি চালু হলে মানসম্মত সেবা না পেলে অপারেটর পাল্টে ফেলতে পারবেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবে, বিনা দ্বিধায় সেই সংযোগ নিতে পারবে। এজন্য নিজের ফোন নম্বরও পাল্টাতে হবে না।
সেবাটি নিতে হলে গ্রাহককে ৩০ টাকা ফি দিয়ে (প্রতিবার) আবেদন করতে হবে। এর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে তা চালু হয়ে যাবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে গ্রাহককে অপেক্ষা করতে হবে ৯০ দিন। মূলত ভয়েস কল ও ইন্টারনেটের উচ্চমূল্য, দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, নেটওয়ার্ক সমস্যা, মোবাইল ফোনের সংযোগে ঘনঘন কলড্রপ, ভয়েস কলের নিম্নমান ও গ্রাহক সেবার অসন্তুষ্টি দূর করবে এমএনপি সেবা।
কোনও অপারেটর এতে করে ক্ষতিগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে মঙ্গলবারের অনুষ্ঠানে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘ক্ষতির কোনও সুযোগ নেই। ভালো সেবা দিতে না পারলে গ্রাহক থাকবে না। ফলে ভালো সেবা দিয়েই অপারেটরগুলোকে টিকে থাকতে হবে। এতদিন গ্রাহকদের সুযোগ সীমিত ছিল। এখন আর সেই সমস্যা থাকছে না। গ্রাহকরা তাদের পছন্দমতো অপারেটর বেছে নিতে পারবেন।’
অনুষ্ঠানে বিটিআরসির পক্ষ থেকে আরও জানানো হয়, মোবাইল ফোন অপারেটরগুলোর চালু করা অন নেট (একই অপারেটরে) ও অফ নেটের (অন্য অপারেটরের নম্বরে) মধ্যে যে বৈষম্য ও পার্থক্য আছে, এমএনপি চালু হলে সেটি আরও প্রকট হতে পারে। এমএনপি সেবা চালুর আগেই দুটি সেবার মধ্যে বর্তমানে যে পার্থক্য রয়েছে তা শূন্যে নামিয়ে আনতে বিটিআরসি কাজ করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সাল ও পাকিস্তানে এই সেবা চালু হয় ২০০৭ সালে।
