চন্দন কুমার সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় বারের মত পন্ডিত বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে। রোববার (৮ মার্চ) বিকাল তিনটায় উপজেলার থানাহাট সরকারি এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিন ব্যাপী এ বইমেলার উদ্বোধন করা হবে।
পন্ডিত বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জামিউল ইসলাম বিদ্যুৎ জানান, একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের পন্ডিত বইমেলার উদ্বোধন করবেন। কবি ও কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
বইমেলা আয়োজক কমিটি জানায়,তিন দিন ব্যাপী বইমেলায় সময়, অনন্যা, দিব্য, প্রকৃতি-পরিচয়, প্রথমা, বাবুই, গ্রন্থিক, বুক লাইনসহ মোট ১২টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। বইমেলা উপলক্ষ্যে স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন সহ মেলা স্থলে লেখক আড্ডা চলবে। এছাড়াও সমাপনী দিনে থাকছে গণসঙ্গীত শিল্পী কফিল আহমেদ ও তাঁর দলের গান। আগামী ১০ মার্চ পর্যন্ত এ বইমেলা চলবে।

