কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সরকারি খাদ্য সহায়তার ৬২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধির গ্রামে সামছুল হক নামে এক ব্যাক্তির বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
চিলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধির গ্রামে সামছুল হকের বাড়ি ও দোকান থেকে ৬২ বস্তা চাল জব্দ করা হয়।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে সামছুল হক নামে একজনকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, চালের মোট পরিমাণ পরিমাপ করার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত চালগুলো সরকারি বরাদ্দের। তবে আটক ব্যাক্তি চালগুলো কোথায় পেয়েছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
চাল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

