করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। এমন অবস্থায় শের সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আবার কবে মাঠে গড়াবে তা নিশ্চিত নয়। বন্ধ জাতীয় লীগও।
এ সময় চুক্তিতে থাকা ক্রিকেটারের সমস্যা না হলেও, জাতীয় লীগ যাদের রুটি-রুজির বিষয় তাদের সমস্যা হওয়ার কথা। এই সকল ক্রিকেটারদের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বর্তমানে ১৭জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া এর বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে আরও ৯১জন ক্রিকেটার চুক্তিবদ্ধ আছেন, যারা তিন শ্রেণিতে ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা বেতন পান। চুক্তির বাইরে এসব ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিচ্ছে বিসিবি।
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটারদের আয়ের অন্যতম একটি বড় উৎস। করোনা ভাইরাসের ঝুঁকিতেই গত ১৬ মার্চ প্রিমিয়ার লিগ শুরু হয়। তবে এক রাউন্ড পর দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৯ মার্চ টুর্নামেন্ট স্থগিত করা হয়।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘টুর্নামেন্ট অনির্ধারিত সময়ের জন্য বন্ধ হওয়ায় যারা বিসিবির চুক্তিতে নেই, তারা আর্থিক সমস্যার মুখে পড়তে পারে। কারণ তারা ক্লাবগুলো থেকে আংশিক পারিশ্রমিক গ্রহণ করেছে। এই সাহায্যটা ওই ক্রিকেটারদের জন্যই।’

