ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১৭ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার ছত্তিশগড়ের বস্তার এলাকার সুকমার জঙ্গলে এই হামলা চালায় মাওবাদীরা। গত দু বছরে এটাই সবচেয়ে সাংঘাতিক হামলা।
রবিবার ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব অবস্থি জানিয়েছেন, ‘স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১৭ জন নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি জানিয়েছেন মাওবাদীদের হামলায় আরও ১৫ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৬টি অস্ত্র লুট করে পালিয়ে যায় মাওবাদীরা। শনিবার রাতে হামলা হলেও খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় আইনশৃঙ্খলা বাহিনীর।

