দেশে করোনাভাইরাসে যাতে আর কেউ আক্রান্ত না হয় সে ব্যাপারে সচেতন করতে যে কোনও ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা শনাক্ত হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি এই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত।
সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম।
পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব জানান, ‘করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।’
এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত নয় পুনর্বিন্যাস করা হয়েছে। আজ সোমবার বিকালে বাস্তবায়ন কমিটির সভা হবে। সেই সভার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

