বুধবার (১ এপ্রিল) ছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের ২৭তম জন্মদিন।
জন্মদিনের বিশেষ এই দিনে করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ডান হাতি এই পেসার।
নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে ছবি দিয়ে লিখেছেনন, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে ১ জন, ৫ জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটার, ফুটবলাররাও। ২৭ ক্রিকেটার তাদের বেতনের ৫০ শতাংশ অনুদান দিয়েছে। এছাড়াও নিজেদের উদ্যোগে সাহায্য করছেন ক্রিকেটার মাশরাফি, সাকিব, লিটন, রুবেল, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, ফুটবলার বিপলু ও আরিফুররা ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাটান ইব্রাহিমোভিচদের মতো ফুটবলাররা। এগিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতো তারকা ক্রিকেটাররা।

