ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে নতুন করে জাতিগত সংঘাতে ২৩ জন নিহত হয়েছেন বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সংঘাতপূর্ণ উত্তর কিভু প্রদেশের রুশতুরু এলাকার এই সংঘর্ষে একদিকে ছিল হুতু সম্প্রদায় এবং অন্যদিকে ছিল নান্দে এবং হুন্দু সম্প্রদায়।
প্রাদেশিক গভর্নরের একজন সহযোগী ফ্রাসোয়া বাকুনডাকাবো বলেন, আমরা রোববার পর্যন্ত ১৬ জন বেসামরিক ব্যক্তি এবং ৭ জন মিলিশিয়া মারা গেছেন বলে হিসাব করতে পেরেছি।
বাওয়ালান্ড, মুটান্ডা এবং কিকুকু এলাকার গ্রামগুলোতে সংঘর্ষের সূত্রপাত হয়। এসব এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রায়ই জমির দখলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। ২০১৭ সালে এই অঞ্চলে এ রকম সংঘাতে কয়েক ডজন মানুষ মারা যান।
নান্দে এবং হুন্দেরা কঙ্গোর হুতুদের বিদেশী বলে গণ্য করে এবং রুয়ান্ডার স্বাধীনতার জন্য লড়াই করা হিংসাত্মক ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডার (এফডিএলআর) সমর্থক হিসেবে তাদের গণ্য করা হয়।
