বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
আজ শুক্রবার দেশটির ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করে। কুয়েতের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে কুয়েত মন্ত্রিপরিষদ করোনা প্রতিরোধে ১৩ মার্চ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কুয়েতের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে কার্গো ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলবে। এর আগে বাংলাদেশ সহ মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল কুয়েত।
বুধবার সন্ধ্যায় সেফ প্যালেসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র তারেক আল মাজরামের জানান, পাবলিক এবং প্রাইভেট সেক্টরে ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর পর দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার পুনরায় অফিস-আদালত খুলবে।
এছাড়া সংক্রমণ এড়াতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। রেস্তোঁরা, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এই ঘোষণার পরপরই শপিং মলগুলোতে এবং পেট্রোল পাম্পে ভিড় লেগে যায়।
আরও বলা হয়, কুয়েতের ব্যাংকগুলো ১২ মার্চ থেকে ২৯ মার্চ বন্ধ থাকবে। তবে এটিএম সার্ভিস সচল থাকার কথা উল্লেখ করা হয়েছে। জরুরি স্বার্থে কুয়েতের ছয়টি প্রদেশে প্রতিটি ব্যাংকের একটি করে শাখা খোলা থাকার কথা বলেছে দেশটির কেবিএ বোর্ডের চেয়ারম্যান আদেল আল-মাজেদ।
উল্লেখ্য, কুয়েতে প্রায় ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে এ রোগে দেশটিতে এখনো কোন মৃত্যু হয়নি।

